৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম
বছরের পর বছর অনিয়ম লুটপাটে বিপর্যস্ত চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য অবশেষে স্বস্তির উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। শুরু হতে যাচ্ছে আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেয়ার প্রক্রিয়া। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আবিবা, ফারিস্ট, এফএস ফাইনান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে আমানত ফেরত স্কিম, যা চলতি সপ্তাহে ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অনুমোদন ও তহবিল ছাড়ের পর গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এখন আমরা একটি স্কিম তৈরি করব, যেভাবে আমরা পাঁচ ব্যাংকের জন্য করেছিলাম; একই আদলে, অনুরূপ না। এটির জন্য আমরা স্কিম করব এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির পরেই এই স্কিমটা ডিক্লার করা হবে এবং সেই অনুযায়ী যারা আমানতকারী তাদের অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে।
এই স্কিমের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানত রয়েছে এমন গ্রাহকরা ফেরত পাবেন পুরো অর্থ। আর ২০ লাখে প্রথম ধাপে পাবে ৯০ শতাংশ ৩০ লাখের আমানতকারীরা পাবেন ৮৫ শতাংশ অর্থ। টাকার পরিমাণ যত বাড়বে পরিশোধের শতাংশ তত কমতে থাকবে।
আরিফ হোসেন খান আরও বলেন, এটা স্কিমের মধ্যেই পুরো টাইমলাইনটা উল্লেখ করা থাকবে, কারা পূর্ণাঙ্গ পাবে কারা আংশিক পাবে। যারা আংশিক পাবে তারা বাকি অংশ কবে পাবে, এবং আংশিক পেলে কত পারসেন্ট এখন পাবে, বাকি অংশ কবে পাবে—সবকিছু মিলেই একটা পূর্ণাঙ্গ স্কিম ঘোষিত হবে।
বিআইডিএসের সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, যারা আমানতকারী আছেন তাদের যে অর্থ, এটা ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে। সেটি যেভাবে করা সম্ভবপর, সেভাবে করে এগুলোকে অবসায়ন করার জন্য যে প্রক্রিয়া, সেটিকে শেষ করে আমাদের অর্থাৎ এই অদক্ষ প্রতিষ্ঠানগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
অবসায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর সম্পদ বিবেচনায় অর্থ ফেরত পাবেন প্রাতিষ্ঠানিক আমানতকারীরা।



