Logo
Logo
×

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতির উদ্বেগ বেড়েছে, যা স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ২ মিনিটে স্পট স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। আগের দিন দাম প্রায় ২ শতাংশ কমেছিল। বুধবারের দুই সপ্তাহের সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে প্রতি আউন্সে ১৩০ ডলারেরও বেশি কমেছে। অগাস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯ দশমিক ৮০ ডলারে নেমেছে। তবে সপ্তাহজুড়ে দাম এখনও প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বাড়তির দিকে রয়েছে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণবাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। তার মতে, কয়েক সপ্তাহ ধরে দাম প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ থেকে ৪ হাজার ১৭০ ডলারের মধ্যে ওঠানামা করছে। দাম ৪ হাজার ডলারের কাছাকাছি বা তার নিচে নামলেই বড় ক্রেতারা সক্রিয় হচ্ছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও তাদের সমর্থিত হুথিদের বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক জবাব’-এর হুমকি দিয়েছেন। এর আগে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এর পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম একদিনেই প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করে, যা মে মাসের পর প্রথম।

বিশ্লেষকদের মতে, তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে এবং এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে এর আকর্ষণ কমে যায়।

বিনিয়োগকারীদের নজর এখন আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। বাজারের প্রত্যাশা, এবার সুদের হার অপরিবর্তিত রাখা হবে। তবে সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৮১ শতাংশ। অন্যদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) বৃহস্পতিবার সুদের হার অপরিবর্তিত রাখলেও সেপ্টেম্বরে আরেক দফা বৃদ্ধির সম্ভাবনা উন্মুক্ত রেখেছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ৭৬ ডলারে উঠেছে এবং সপ্তাহজুড়ে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ লাভের পথে রয়েছে। অন্যদিকে প্লাটিনামের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৮৩ দশমিক ৯১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৩৬ দশমিক ১৬ ডলারে নেমেছে। উভয় ধাতুই সপ্তাহজুড়ে মূল্যহ্রাসের পথে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন