এডিবির ১ বিলিয়ন ডলার ঋণ পেল বাংলাদেশ, বাড়ল রিজার্ভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ। এতে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৫ হাজার ৬২৬ দশমিক ৩৪ মিলিয়ন বা ৩৫ দশমিক ৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ হাজার ৬২৬ দশমিক ৩৪ মিলিয়ন বা ৩৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ হাজার ৭৫ দশমিক ৭২ মিলিয়ন ডলার।
এদিকে চলতি জুনের প্রথম ১৩ দিনে দেশে ১৩৬ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৯৭ লাখ, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৩৫ লাখ এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৫৩ লাখ ডলার। এছাড়াও জুনের প্রথম ১৩ দিনে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আরও ৩৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।



