Logo
Logo
×

অর্থনীতি

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন শাখায় অস্থিরতা দেখা দেয়। নতুন চেয়ারম্যান নিয়োগের পর আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেক গ্রাহক এবং উল্লেখযোগ্য পরিমাণ আমানত তুলে নেওয়া হয়। এতে ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।

দেশের অন্যান্য ব্যাংকের প্রধান নির্বাহীরাও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের যেকোনো অস্থিরতা পুরো ব্যাংক খাতেই প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরও সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত কার্যকর হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন