Logo
Logo
×

অর্থনীতি

ঢাকার বাজারে কমেছে মুরগি ও ডিমের দাম, চড়া মাছ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:৪০ পিএম

ঢাকার বাজারে কমেছে মুরগি ও ডিমের দাম, চড়া মাছ

ঈদুল আজহা ঘনিয়ে আসায় রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে স্বস্তির খবর হলো, ঈদের আগের সপ্তাহে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। অন্যদিকে মাছের বাজারে এখনও চড়া দামের প্রভাব বজায় রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায়।

শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল প্রায় ১৯৫ টাকার বেশি। একইভাবে কমেছে সোনালি মুরগির দামও। এ জাতের মুরগি এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৩০ টাকায়। ডিমের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কম।

ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে সরবরাহ বাড়ায় মুরগি ও ডিমের দাম কমেছে।

রায়ের বাজারে মুরগি কিনতে আসা ক্রেতা রমিজ উদ্দিন বলেন, ঈদের পর যখন কিনেছিলাম তখন ব্রয়লার ছিল ২০০ টাকা কেজি। আজ ১৭৫ টাকায় পেলাম। কিছুটা স্বস্তি তো আছেই।

মুরগি বিক্রেতা আনিসুর রহমান জানান, গত সপ্তাহের তুলনায় বর্তমানে সরবরাহ বেড়েছে। ফলে দাম কিছুটা কমে এসেছে।

অন্যদিকে মাছের বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির মাছ এখনও উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা, রুই ২৪০ থেকে ৩৫০ টাকা এবং মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া দেশি টেংরা ৬০০ টাকা, বেলে ৩৫০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা এবং টাকি মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

চিংড়ির বাজারেও রয়েছে উচ্চ দাম। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকায়। তবে তুলনামূলক কম দামে পাঁচ মিশালি মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায়।

ইলিশের বাজারেও দামের তারতম্য দেখা গেছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। আর ছোট জাটকা সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায়।

মাছ ব্যবসায়ী ইউসুফ মিয়া বলেন, মাছের বাজারে দাম প্রতিদিনই ওঠানামা করে। বাজারে সরবরাহ বেশি থাকলে দাম কমে যায়। আজ পাঙাশ বেশি এসেছে, তাই ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করেছি। তবে অন্যান্য মাছের দাম আগের মতোই রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন