রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী অবস্থানে রয়েছে। সদ্যবিদায়ী মাস মার্চে প্রবাসী আয় দেশের ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছেছে। এ মাসে প্রায় ৩.৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার। এর আগে ১ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, আমদানি ব্যয় মেটানো এবং রিজার্ভ স্থিতিশীল রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



