Logo
Logo
×

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলবে: গভর্নর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:১১ এএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলবে: গভর্নর

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। একইসঙ্গে ব্যাংকগুলো থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নরের কার্যালয়ে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

একীভূতকরণের আওতায় থাকা ব্যাংকগুলো হলো— ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বৈঠকে ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতি, একীভূতকরণ-পরবর্তী কার্যক্রম এবং গ্রাহকসেবা স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান বলেন, সংস্কার কার্যক্রম চলবে এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দ্রুত সম্পন্ন করা হবে। বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে এবং পাঁচ ব্যাংকের আওতাধীন সচল কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, এসব কারখানার কোনো বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন মোস্তাকুর রহমান। তার পূর্বসূরি আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন