ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকার জরুরি ঋণ সহায়তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
তীব্র তারল্য সংকটে ভোগা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে জরুরি তহবিল হিসেবে ১ হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গ্রাহকদের অতিরিক্ত নগদ টাকা তোলার চাহিদা মেটাতে এই বিশেষ তারল্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ন্যাশনাল ব্যাংককে এই অর্থ ১১.৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সম্প্রতি ন্যাশনাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি দিয়ে তাদের তীব্র আর্থিক সংকটের কথা জানায়। চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংকটি গ্রাহকদের আমানতের টাকা সময়মতো ফেরত দিতে পারছে না। বিশেষ করে ঈদের আগে গ্রাহকদের টাকা তোলার চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমানে ব্যাংকে যে পরিমাণ নতুন আমানত জমা হচ্ছে এবং পুরনো ঋণ আদায় হচ্ছে, তা দিয়ে দৈনন্দিন তারল্য চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণের আবেদন করা হয়েছিল।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ন্যাশনাল ব্যাংক খেলাপি ঋণ এবং অভ্যন্তরীণ সংকটের কারণে তারল্য সংকটে ভুগছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে সাধারণ গ্রাহকরা ঈদের আগে তাদের আমানত ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে।



