Logo
Logo
×

অর্থনীতি

রমজান শুরুতেই ফলের অস্বাভাবিক দাম বৃদ্ধি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

রমজান শুরুতেই ফলের অস্বাভাবিক দাম বৃদ্ধি

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হতেই রাজধানীর ফলের বাজারে অস্বাভাবিক উত্তাপ দেখা দিয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে খেজুর, আঙুর, আনার ও আপেলসহ প্রায় সব ফলের দাম কয়েক গুণ বেড়ে গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা যায়, ইফতারের প্রধান উপকরণ খেজুরের দাম আকাশচুম্বী। মেডজুল খেজুর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। মরিয়ম খেজুর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, কালমী ৮০০ থেকে ৯০০ টাকা, সুকারী ৮০০ টাকা এবং মিনিফী খেজুর ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

খেজুরের পরেই দামের দিক থেকে শীর্ষে রয়েছে আনার, যা মানভেদে প্রতি কেজি ৫০০ থেকে ৬২০ টাকা। কালো আঙুর ৬০০ টাকা এবং সবুজ আঙুর ৪৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গ্রিন আপেল ও ড্রাগন ফল ৪২০ টাকা, ফুজি আপেল ও নাশপাতি ৪০০ টাকা এবং কমলা ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মালটা পাওয়া যাচ্ছে ৩৫০ টাকায়।

তুলনামূলক কম দামের ফলের মধ্যে পেঁপে ১৬০ থেকে ১৮০ টাকা, বরই ১২০ থেকে ১৬০ টাকা, পেয়ারা ১২০ থেকে ১৫০ টাকা এবং বেল ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কলার দামও বেড়েছে—সবরী ও সাগর কলা ডজনপ্রতি ১৫০ থেকে ১৮০ টাকা এবং চম্পা কলা ১০০ থেকে ১২০ টাকা।

ক্রেতারা অভিযোগ করেছেন, রমজান এলেই ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়িয়ে দেন। এক ক্রেতা শাহনাজ পারভিন বলেন, “মাসের শুরুতে গ্রিন আপেল কিনেছি ৩২০ টাকায়, আজ চাইছে ৪২০ টাকা।” অন্য ক্রেতা আশিকুর রহমান জানান, কয়েক দিনের ব্যবধানে সবুজ আঙুরের দাম ৩৩০ টাকা থেকে বেড়ে ৪৬০ টাকা হওয়া সাধারণ মানুষের জন্য কষ্টকর।

তালতলা মার্কেটের ফল ব্যবসায়ী আব্দুর জালিল বলেন, তারা বাদামতলী পাইকারি আড়ত থেকে ফল কিনে সীমিত লাভে বিক্রি করেন। আমদানি খরচ বৃদ্ধি ও রমজানে বাড়তি চাহিদার কারণে খুচরা বাজারে দাম বেড়েছে। অন্য বিক্রেতারাও জানান, প্রতিদিন পাইকারি দামে ওঠানামা হয়, ফলে খুচরা বাজারে দাম স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়ে।

রমজানের শুরুতেই এভাবে ফলের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের ভোগান্তি বাড়িয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন