Logo
Logo
×

অর্থনীতি

রমজানের প্রথম দিনেই পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ১০–১৫ টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

রমজানের প্রথম দিনেই পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ১০–১৫ টাকা

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে পণ্যটি। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারগুলোতে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক ছোট আকারের পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়। তবে ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ মিলছে না বলেই জানিয়েছেন ক্রেতারা।

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ বলেন, গত দুই থেকে তিন দিন ধরেই দাম বাড়তির দিকে। মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তাঁদের ভাষ্য, মোকামে কেজিপ্রতি কয়েক দফা দাম বাড়ায় খুচরা পর্যায়ে সমন্বয় করা ছাড়া উপায় নেই। রমজানকে ঘিরে পাইকারি বাজারে বাড়তি চাপ স্পষ্ট।

অন্যদিকে ক্রেতারা বলছেন, রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ে। মারুফ হোসেন নামে এক ক্রেতা বলেন, গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি। এখন একই পরিমাণ কিনতে চাইলে ১২০ থেকে ১৩০ টাকা গুনতে হচ্ছে।

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছি। ছোট পরিবার হওয়ায় কিছুদিন চলবে। কিন্তু এরপর বেশি দামে কিনতে হবে। রোজার সময় দাম বাড়বে, এটা যেন এখন নিয়মে পরিণত হয়েছে।

রমজানের শুরুতেই পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাজেটে নতুন চাপ তৈরি করেছে। বাজারে সরবরাহ ও দামের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন