দুই দিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম, ভরি ১.৭৫ লাখ টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম
ছবি : সংগৃহীত
দেশের বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ টাকা। এর আগে একই মানের সোনা বিক্রি হচ্ছিল ১,৭৪,৩১৮ টাকায়।
২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৭,৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১,৪৩,৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১,১৯,০৪২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের রুপার দাম রয়েছে ২,৮১১ টাকা, ২১ ক্যারেটের ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৭২৬ টাকা।
এর আগে গত ৩০ আগস্টও সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যা ৩১ আগস্ট থেকে কার্যকর হয়েছিল। ফলে টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়লো দেশের বাজারে।



