ছবি : সংগৃহীত
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১২ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার (১.০৭ বিলিয়ন), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সে তুলনায় এবছর একই সময়ে এসেছে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি, যা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।
গত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার—যা একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। মে মাসে এসেছে ২৯৭ কোটি এবং মার্চ মাসে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
২০২৪-২৫ অর্থবছরের পুরো সময় (জুলাই–জুন) রেমিট্যান্স এসেছে মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের ২৩.৯১ বিলিয়নের তুলনায় ২৬.৮% বেশি।
মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ (২০২৪-২৫):
- জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
- আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
- সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
- অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
- নভেম্বর: ২২০.০০ কোটি ডলার
- ডিসেম্বর: ২৬৪.০০ কোটি ডলার
- জানুয়ারি: ২১৯.০০ কোটি ডলার
- ফেব্রুয়ারি: ২৫৩.০০ কোটি ডলার
- মার্চ: ৩২৯.০০ কোটি ডলার
- এপ্রিল: ২৭৫.০০ কোটি ডলার
- মে: ২৯৭.০০ কোটি ডলার
- জুন: ২৮২.০০ কোটি ডলার
বিদেশে কর্মরত বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি অর্থবছরের শুরু থেকেই এ ধারা বজায় থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।



