Logo
Logo
×

অর্থনীতি

অর্থ উপদেষ্টা : রিজার্ভের মতো বিনিয়োগও বাড়বে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৪:১৪ পিএম

অর্থ উপদেষ্টা : রিজার্ভের মতো বিনিয়োগও বাড়বে

ছবি - অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বাজেট সহায়তা হিসেবে আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে অর্থ পাওয়া এবং রপ্তানি আয় মোটামুটি ভালো হওয়ার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ গতিশীল থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। জাতীয় নির্বাচনের একটা সময় প্রকাশ হওয়ায় আইএমএফসহ সবাই সন্তুষ্ট। অর্থনৈতিক কর্মকাণ্ড ও সংস্কার রাজনীতির ওপর নির্ভর করে। দেশে রেগুলেটরিটি ঠিক থাকলে বৈদেশিক বিনিয়োগও বাড়বে।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ক্রয় কমিটির বৈঠকে গম কেনার সিদ্ধান্ত হয়েছে। ফরচুনেটলি গমের দাম কমেছে। ফলে গম কেনায় ১৮ থেকে ২০ কোটি টাকা সাশ্রয় হবে।

অর্থ উপদেষ্টা বলেন, হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতার কোনো প্রভাব পড়েনি। যুদ্ধের (ইরান-ইসরায়েল) মধ্যেও জ্বালানি কেনার ক্ষেত্রে সাশ্রয় হয়েছে। যুদ্ধ শুরুর আগে যে প্রাইস ছিল যুদ্ধ বন্ধের পর সেটা কমেছে। ইমিডিয়েটলি রি-টেন্ডার করে ৫ থেকে ১০ ডলার কম পেয়েছি। সেখানে প্রায় ৭০-৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটি জ্বালানি মন্ত্রণালয়ের সফলতা। মরক্কো, তিউনিশিয়া থেকে আসা সারের দাম কিছুটা বেড়েছে। এখানে কোনো উপায় ছিল না।
‘চাল ও গমের যে রিজার্ভ আছে সেটি এখনো সন্তোষজনক। তবুও আমরা বলেছি ৫০ হাজার টন গম এনে রাখার জন্য। যেন খাদ্যের কোনো খাটতি না হয়’- বলেন অর্থ উপদেষ্টা।

আইএমএফের অর্থছাড় প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের একটা সময় প্রকাশ হওয়ায় আইএমএফসহ সবাই সন্তুষ্ট। আইএমএফ আমাকে প্রশ্ন করেছিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আমরা তো বলেছি হবে। রিসেন্টলি বিশ্বব্যাংক, এডিবি, এএফডি, এআইআইবি ঋণ অনুমোদন করেছে। বাংলাদেশে সংস্কার কাজের অগ্রগতি দেখে সবাই সন্তুষ্ট।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বিদেশি বিনিয়োগ একটু স্লো আছে। কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে বাজেট সাপোর্ট আসায় ফরেন রিজার্ভ বেড়েছে। রপ্তানিটাও এখন মোটামুটি ভালো। রেমিট্যান্স ভালো আসছে। সৌদি আরবে গিয়ে জানলাম, আমরা আসছি বলেই প্রবাসীরা টাকা পাঠাচ্ছে। আগে তারা টাকা পাঠাতে স্বস্তি পেত না। টাকা পাঠালে কোথায় যায়, কী হয় এগুলো নিয়ে তাদের অস্বস্তি ছিল।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার রাজনীতির ওপর নির্ভর করে। রাজনীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন নির্বাচনের সম্ভাব্য একটা সময় প্রকাশ হওয়ায় সবাই সন্তুষ্ট।

তিনি বলেন, রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, এডিবি অ্যাপ্রুভ করেছে, গত পরশু এআইবি বিরাট একটা অংক অ্যাপ্রুভ করেছে। আমাদের সংস্কার কার্যক্রমের যে প্রগ্রেস, তারপর অর্থনৈতিক খাতে আমরা যেটা করেছি তাতে তারা সন্তুষ্ট বলেই কোনো এজেন্সি এখন পেন্ডিং নেই। আইএমএফ থেকে লেটেস্ট এসেছে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

তিনি বলেন, ব্যবসায়ীদের আস্থা আরও বেশি কীভাবে আনা যায় আমরা দেখব। তাদের মোটামুটি আস্থা কিন্তু আছে। আমরা যখন ফরেন এক্সচেঞ্জ ওপেন করি (ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া) তখন আমাদের অনেক টেনশন ছিল, হঠাৎ কী হয়। পাকিস্তানের মতো হয়ে গেলে তো আমাদের জন্য বিপদ। সেটা হয়নি।

তিনি বলেন, এনবিআরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুরো দেশের ব্যবসা-বাণিজ্য, রাজস্ব, পোর্ট...। আমি বলেছি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান করা যাবে না। আমি তো আন্দোলন বন্ধ করতে বলেছি।

এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও বলেন, এনবিআর আমরা রিফর্ম করেছি কেন? এনবিআরের ভেতরে আগে স্বচ্ছতার ঘাটতি ছিল। আগের সরকারের সময় কিছু ব্যবসায়ী এটির সুবিধা নিয়েছে। যারা ভালো তারা কিন্তু ওদের ধারেকাছে যেতে পারত না। আমি এটি অনুমান করে বলছি। তা না হলে ওরা ক্যারিয়ার নিয়ে হঠাৎ এত ক্ষেপে গেল কেন?

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন