বাকেরগঞ্জে কুরবানীর ঈদ সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী
কাজী খলিলুর রহমান
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৫:৫৫ পিএম
কুরবানীর ঈদ ঘনিয়ে আসতেই সরব হয়ে উঠেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামার পল্লীগুলো। টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি কামারশালা। ঈদের কোরবানির প্রস্তুতি হিসেবে ছুরি, দা, চাপাতি, বঁটি তৈরির ধুম পড়েছে কামারপল্লীতে।
কামারশিল্পীরা জানান, বছরের অন্য সময়ের তুলনায় ঈদের এই মৌসুমেই তাদের সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা যায়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে দা-বঁটি তৈরি ও ধার দেওয়ার কাজ। অনেকেই অগ্রিম অর্ডার দিয়ে রাখছেন কোরবানির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি।
বাকেরগঞ্জ পৌর শহরের চৌমাথা কামার শংকর হাওলাদার জানান, ৩০ বছর ধরে আমি এই পেশায় আছি। বছরের ১২ মাসের অধিকাংশ সময়ে কাজ থাকে না। ঈদের আগের এই সময়টাতে কাজের চাপ বেড়ে যায় কয়েক গুণ। এবারো অনেক অর্ডার পেয়েছি। সাধ্যমতো কাজ করছি, যাতে কেউ খালি হাতে না ফিরে যায়।
কামার সঞ্জায় জানান , কাঁচামালের দাম বৃদ্ধির কারণে ছুরি, দাও চাপাতির দাম কিছুটা বেড়েছে। তাই বেশি দামে ক্রয় করতে হয় আর বিক্রি করতে হয় বেশি দামে।
তবে সাধারণ ক্রেতারা জানান, সামান্য দাম বাড়লেও স্থানীয় কামারদের তৈরি যন্ত্রপাতি অনেক মজবুত ও দীর্ঘস্থায়ী হয় বলে এখান থেকেই কিনে থাকেন।
স্থানীয় বাজারগুলোতেও দেখা গেছে, ঈদ উপলক্ষে ছুরি, দা ও বঁটির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। গ্রাহকরা খোঁজখবর নিয়ে পছন্দের লোহার তৈরি সরঞ্জাম কিনছেন কোরবানির প্রস্তুতির জন্য।



