বগুড়ায় পরিবহন শ্রমিকদের আকস্মিক কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ায় দুই পরিবহন শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে আকস্মিকভাবে গণপরিবহন বন্ধ রেখেছে মোটরস শ্রমিক ইউনিয়ন।
পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার (১৯ মার্চ) সকাল থেকে দূরপাল্লার বাস ও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মোটরস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইদ্রিস আলী জানান, মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও সদস্য হযরত আলী ধারালো অস্ত্রের হামলায় আহত হন।
এ ঘটনার প্রতিবাদে সংগঠনটি কর্মবিরতির ডাক দেয়। ইদ্রিস আলী আরও জানান, পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক চলছে, সমাধান না হলে কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে।



