লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ৫৬ প্লাটুন বিজিবি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় ৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থল ও আকাশপথে বহুমাত্রিক নজরদারি চালানো হচ্ছে।
ছুটির দিন হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত বন্ধ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো শৈথিল্য নেই। বিজিবি জানিয়েছে, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছেন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। সহিংসতাপ্রবণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ভিডিওচিত্র সরাসরি পাঠানো হচ্ছে বিজিবির মনিটরিং সেন্টারে। পাশাপাশি দায়িত্ব পালনরত সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজন নাশকতাকারীদের শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করবে এই নজরদারি ব্যবস্থা।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত টহলের ফলে গোপালগঞ্জে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। স্থল ও আকাশপথে সমন্বিত নজরদারির মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।



