গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বৃহস্পতিবার অন্তত ১৪ জন জানিয়েছেন, তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে সমস্যায় পড়েছেন।
গোপালগঞ্জ শহরের সাহাপাড়া এলাকার বাসিন্দা জীবন শেখ বলেন, ‘গতকাল রাতে আমার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কেন এমন হয়েছে জানি না। এরপর থেকে টাকা পাঠাতে পারছি না।’
শহরের চৌরঙ্গী এলাকার নগদের পরিবেশক শেখ মুজাহিদুল ইসলাম বলেন, গতকাল স্থানীয় প্রশাসন কয়েকটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট ও পরিবেশকদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলায় আর্থিক লেনদেন সীমিত রাখার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করছি।
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন শেখ বলেন, ‘আমার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে বিকাশ থেকে টাকা তুলতে গিয়ে দেখি, আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।’
শহরের হেমাঙ্গন এলাকার বাসিন্দা সারমিন ইসলাম বলেন, ‘আমি সাধারণত বিকাশে সঞ্চয়ের টাকা রাখি। এখন হঠাৎ আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় টাকা তুলতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে বিকাশের করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, মোবাইল আর্থিক সেবার নির্দেশিকা অনুযায়ী কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, তদন্তের পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করা হবে, নাকি স্থায়ীভাবে বন্ধ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নগদের মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকায় অ্যাকাউন্ট বা সেবা স্থগিত করার প্রযুক্তিগত সক্ষমতা নগদের নেই।
এ বিষয়ে জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ই-কেওয়াইসি নির্দেশিকা অনুযায়ী কোনো সন্দেহজনক লেনদেন হলে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সবসময় সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কোনো নির্দেশনা দেয়নি।
বিএফআইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত তিন থেকে চার মাসে জুয়া, বাজি ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সঙ্গে সরাসরি জড়িত অ্যাকাউন্টগুলো স্থগিত করতে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল বিএফআইইউ।
এ সময়ে প্রায় ৮ হাজার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।



