২০২৪ সালের জুলাইয়ে পালান কারাগার থেকে, নিহত পিটুনিতে
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি পিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জালাল (৪৫) নোয়াকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ আল মামুন জানান, জালাল ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই মাসে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান জালাল। পরে একাধিক অভিযানেও তাকে গ্রেপ্তার করা যায়নি।
ওসি বলেন, জালাল এলাকায় নিয়মিত থাকতেন না। পুলিশের চোখ এড়িয়ে মাঝেমধ্যে গ্রামে যাতায়াত করতেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে নোয়াকান্দা গ্রামের একটি কলাবাগানে স্থানীয়রা তাকে দেখতে পান। বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানা গেছে।
প্রাথমিক তথ্যের বরাতে ওসি জানান, একপর্যায়ে একদল লোক তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে ধারালো অস্ত্রের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।



