Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম (৪৮) ও মো. বয়জাল হোসেন (৪৮)। সাইফুল ইসলাম উপজেলার কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং বয়জাল হোসেন গাড়ীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ নভেম্বর গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় একটি নাশকতার মামলা করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ মোট ১০৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রাথমিক তদন্তে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন