নরসিংদীতে ‘ঐতিহ্য’ উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের পাশে নিজের স্ত্রীর নাম, সমালোচনা ঝড়
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
নরসিংদীতে ‘ঐতিহ্য’ উদ্বোধনী নাম ফলকে বিভাগীয় কমিশনারের পাশে নিজের স্ত্রীর নাম নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর সেই নামফলক সরিয়ে ফেলা হয়।
নামফলক ছাড়াই ‘ঐতিহ্য’ স্থাপনাটি উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিঞা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই ঘটনা ঘটেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি পরিত্যক্ত হিসেবে উপজেলা পরিষদের চত্তরে পড়ে ছিলো। গাড়িটি ইতিহাসের স্বাক্ষী এবং ঐতিহ্যের ধারক হওয়ায় এটি সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। গাড়িটিকে প্রশাসনের উদ্যোগে রঙ করে রাখার জন্য শেড নির্মাণ করা হয়। আর এর নাম রাখা হয় 'ঐতিহ্য'। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে নরসিংদী জেলা সফরে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিঞা।
তিনি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মত বিনিময় করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্র, অফিসার্স ক্লাব এবং সেবা প্রত্যাশীদের জন্য নির্মিত বিশ্রামাগার এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে বিকেলে শিবপুর উপজেলা সফর করেন। সেখানে উপজেলা পরিষদ পরিদর্শন, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, ভিক্ষুক পুনর্বাসনের আওতায় মালামালসহ মুদি দোকান প্রদান, গাড়ীটি রাখার জন্য নির্মান করা টিনসেড “ঐতিহ্য” উদ্বোধন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
তবে ‘ঐতিহ্য’ উদ্বোধনী নাম ফলকে উদ্বোধক হিসেবে নাম ছিলো ঢাকা বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা, উপস্থিত ছিলেন হিসেবে রয়েছে বিভাগীয় কমিশনারের সহধর্মিনী মিজ সোনিয়া হালিম ও পরিকল্পনায় নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। ফলকে বিভাগীয় কমিশনারের পরে নিজের স্ত্রীর নাম লেখায় স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় উঠে। পরে বিষয়টি বুঝতে পেরে সেই ফলকটি সরিয়ে গাড়ি রাখার শেড “ঐতিহ্য” উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিন বলেন, ফলকে ভূলক্রমে নামটি লেখা হয়েছিলো। বিষয়টি সমালোচনা হবে বুঝতে পেরে তাৎক্ষণিক সরিয়ে ফেলা হয়। এই ফলক ছাড়াই বিভাগীয় কমিশনার স্যার উদ্বোধন করেন। আর ভাবী (বিভাগীয় কমিশনারের স্ত্রী) কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাই, তিনি শুধু শিবপুরে বেড়াতে এসেছেন।
তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানের গাড়িটির স্মৃতি সংরক্ষণে রঙ করে শেডে রাখা হয়েছে। আমরা গাড়িটি ঐতিহ্যের ধারক হিসেবে রেখেছি।



