নরসিংদীর শিবপুরে মো. আলম মিয়া (৩০) নামে এক কাঠুরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের পুত্র। তিনি গাছ কাটার কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মো. আলম মিয়া বাড়ী থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন । বাড়ির একটু অদূরে গেলে কয়েকটি মোটরসাইকেলে করে একদল দূর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এসময় আশেপাশের লোকজন দৌড়ে এসে আলমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এব্যপারে নিহতের বড় ভাই মান্নান মিয়া বলেন, আমাদের প্রতিবেশী অনিক মিয়া পূর্ব শত্রুতার জের ধরে গতকাল (সোমবার) ফোন করে আমাকে ও আমার ছোট ভাই আলমকে যেখানেই পাবে সেখানেই গুলি করে হত্যা করবে বলে হুমকি দেয়। এরই জের ধরে আজ আমার ভাই বাড়ী থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে বাড়ীর অদূরে অনিক তার দলবল নিয়ে মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, নিহতের ঘাড়ের পেছনে একটি গুলির চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর গুলির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যাইনি।



