নানা বিতর্কের মধ্যেই কক্সবাজারে পর্যটন কার্নিভ্যাল শুরু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
নানা বিতর্ক, আলোচনা-সমালোচনা ও পরিবেশগত উদ্বেগের মধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে ২ মাস ৮ দিনব্যাপী পর্যটন কার্নিভ্যাল। বরিবার বিকেল ৩টায় সৈকতের শৈবাল পয়েন্টসংলগ্ন ঝাউবাগানে এ আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের বাড়তি বিনোদন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে আয়োজনরা জানিয়েছেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি আয়োজক প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেডের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, সমুদ্রসৈকত সংলগ্ন প্রায় ৩৫ একর জমি তিন বছর ব্যবহারের সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানটি। এ জমি ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা হয়নি। কার্নিভ্যাল থেকে অর্জিত আয়ের ২০ শতাংশ পাবে পর্যটন করপোরেশন, বাকি ৮০ শতাংশ পাবে আয়োজক প্রতিষ্ঠান।
অথচ জনসমক্ষে প্রচার করা হচ্ছে তিন মাসের কার্নিভালের কথা। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলার কথা এ আয়োজনের। চুক্তির মেয়াদ তিন বছর হওয়ায় তিন মাসের উৎসবের পরও সেখানে পর্যটন সেবা ও বাণিজ্যিক কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে কার্নিভালকে কেন্দ্র করে বালিয়াড়িতে ইটের রাস্তা, বিদ্যুৎ উপকেন্দ্র, শৌচাগারসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ঝাউগাছ কাটা, ঘাস উপড়ে ফেলা ও সৈকতের লতাগুল্ম নষ্ট করার অভিযোগ করেছেন পরিবেশকর্মীরা। এসব স্থাপনা তিন মাস পর সরিয়ে নেওয়া হবে, নাকি দীর্ঘমেয়াদে থেকে যাবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
কার্নিভ্যাল আয়োজনের পক্ষে-বিপক্ষে গত দুই সপ্তাহ ধরে কক্সবাজারে মানববন্ধন, আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলও গাছপালা কেটে আয়োজনের সমালোচনা করেছেন।
তিন বছরের চুক্তি, ভাড়া নেই জমির
পর্যটন করপোরেশন ও স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেডের মধ্যে সম্পাদিত চুক্তিতে জমি ব্যবহারের মেয়াদ তিন বছর উল্লেখ রয়েছে। প্রায় ৩৫ একর জমির জন্য কোনো নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা হয়নি। আয় থেকে ২০ শতাংশ পর্যটন করপোরেশন এবং ৮০ শতাংশ আয়োজক প্রতিষ্ঠান পাবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান প্রথমে তিন বছরের চুক্তির বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, চুক্তিতে যেকোনো সময় তা বাতিল করার শর্ত রয়েছে। চলতি বছরের আয়োজনের অভিজ্ঞতা, লাভজনকতা ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আয়োজন সফল হলে তিন বছর পর্যন্ত চালানোর সুযোগ রয়েছে।
গাছ কাটার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সেখানে সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। তবে জমিটি স্থানীয়ভাবে কাউকে ইজারা দেওয়া হবে না।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, জেলা প্রশাসনকে তিন মাসের কার্নিভাল আয়োজনের বিষয়ে জানানো হয়েছে। চুক্তির মেয়াদ, টিকিট, স্টল বরাদ্দ ও সার্বিক তদারকির বিষয়গুলো পর্যটন করপোরেশনের দায়িত্ব।
স্পেলবাউন্ডের প্রজেক্ট ও বিজনেস ইন্টিগ্রেশন কর্মকর্তা আহমেদ সুপ্রতিম ভাস্কর বলেন, কার্নিভালের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। উদ্বোধন হয়েছে। দর্শনার্থীদের সাড়া ভালো পাওয়া গেলে আয়োজন চালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
বালিয়াড়িতে অবকাঠামো, পরিবেশ নিয়ে উদ্বেগ
কার্নিভালের প্রস্তুতির অংশ হিসেবে সৈকতের বালিয়াড়িতে বিদ্যুৎ উপকেন্দ্র, শৌচাগার, ইটের হাঁটাপথ, আলোকসজ্জাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব কাজের কারণে ঝাউবাগান ও সৈকতের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পরিবেশকর্মীদের।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ঝাউগাছ কাটা, ঘাস উপড়ে ফেলা এবং সৈকতের লতাগুল্ম নষ্ট করার বিষয়টি তুলে ধরেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে গত ১৮ নভেম্বর সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুল বান্না।
তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা আহমেদ সুপ্রতিম। তাঁর দাবি, হাঁটার পথ তৈরির জন্য শুধু ঘাস ছাঁটা হয়েছে।
কার্নিভালের জন্য নির্মিত স্থাপনাগুলো অস্থায়ী বলে দাবি করেছে পর্যটন করপোরেশন। সংস্থাটির মহাব্যবস্থাপক মো. ইহসানুল কবির বলেন, তিন মাস পর অস্থায়ী স্থাপনা ও অন্যান্য আয়োজন সরিয়ে নেওয়া হবে।
তবে চুক্তির মেয়াদ তিন বছর হওয়ায় পরিবেশ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ কাটছে না। তাঁদের প্রশ্ন, তিন মাসের উৎসবের জন্য বালিয়াড়িতে পাকা রাস্তা ও স্থাপনা নির্মাণের প্রয়োজনীয়তা কতটুকু? উৎসব শেষে এসব অবকাঠামো সরিয়ে নেওয়া হলে তার নিশ্চয়তা কী? আর দীর্ঘমেয়াদি কার্যক্রম চালু হলে সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর কী প্রভাব পড়বে?
টিকিট ও স্টল বরাদ্দে বড় অঙ্কের অর্থ
কার্নিভালে প্রবেশের জন্য একবারের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং সারাদিনের টিকিট ৫০০ টাকা। টিকিটের মাধ্যমে ছয়টি সাধারণ জোনে প্রবেশের সুযোগ থাকলেও মোট ১৬টি জোনের কয়েকটিতে বাড়তি ফি দিতে হবে। কায়াকিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
অন্যদিকে কার্নিভ্যাল এলাকায় খাবার ও পণ্য বিক্রির স্টল বরাদ্দেও বড় অঙ্কের অর্থ নেওয়া হচ্ছে। ২০টি কনটেইনার ফুড প্যাভিলিয়নের প্রতিটির বরাদ্দমূল্য ১৫ লাখ টাকা। এর সঙ্গে ১০ শতাংশ সার্ভিস চার্জ ও বিদ্যুৎ বিল দিতে হবে। ৫০টি প্যাগোডা ফুড স্টলের প্রতিটির বরাদ্দমূল্য ৩ লাখ টাকা, সঙ্গে রয়েছে ১৫ শতাংশ সার্ভিস চার্জ। এ ছাড়া ২০টি পপ-আপ ফুড কার্টের প্রতিটির জন্য নেওয়া হচ্ছে দেড় লাখ টাকা।
প্রায় ৩৫ একর জমি বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ নিয়ে একদিকে আয়োজক প্রতিষ্ঠানকে বড় অঙ্কের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে, অন্যদিকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ থেকে উল্লেখযোগ্য অর্থ আয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এসব আয় থেকে পর্যটন করপোরেশনের ২০ শতাংশ অংশ কীভাবে নির্ধারণ ও হিসাব করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কার্নিভ্যাল এলাকায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মো. ইহসানুল কবির বলেন, সাংবাদিকদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
বালুর ভাস্কর্যে দেশ-বিদেশের শিল্পকর্ম
বিতর্কের মধ্যেও কার্নিভ্যাল ঘিরে পর্যটকদের আকর্ষণ বাড়াতে সাজানো হয়েছে ব্যতিক্রমী আয়োজন। সৈকতের শৈবাল পয়েন্টের পূর্ব পাশে ঝাউবাগানের ভেতরে তৈরি করা হয়েছে বালুর নানা ভাস্কর্য। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা থেকে আসা শিল্পীরা এসব শিল্পকর্ম নির্মাণ করেছেন।
বনের হাতি, বাঘ, সমুদ্রের তিমি, হাঙর ও ইলিশসহ নানা প্রাণীর পাশাপাশি তৈরি করা হয়েছে জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারের প্রতিকৃতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনও ফুটিয়ে তোলা হয়েছে বালুর ভাস্কর্যে।
নেদারল্যান্ডসের শিল্পী পল হোগার্ট ও রেমি হোগার্ট হাতির ভাস্কর্যসহ বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেছেন। তাঁদের সঙ্গে কাজ করছেন কানাডার শিল্পী ডেভিড বিলিংস ও বাংলাদেশের শিল্পী জীবন রায়।
পল হোগার্ট বলেন, সাগর ও পাশের ঝাউবনের কারণে কক্সবাজারের পরিবেশ অনন্য। এমন পরিবেশে বালু দিয়ে শিল্পকর্ম তৈরির অভিজ্ঞতা তাঁর আগে হয়নি। এসব ভাস্কর্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশি শিল্পী জীবন রায় বলেন, বালুর ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের প্রাণ প্রকৃতি, জলবায়ু সংকট, ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তুলে ধরা হচ্ছে।
১৬ জোনে বিনোদনের আয়োজন
কার্নিভালের নির্ধারিত এলাকাকে ১৬টি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন, ক্যাম্পিং, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস। সাংস্কৃতিক পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর জন্যও রাখা হয়েছে আলাদা জায়গা।
পর্যটকদের জন্য সমুদ্রের কাছাকাছি তাঁবুতে রাত যাপনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ক্যাম্পফায়ার, একসঙ্গে এক হাজারের বেশি মানুষের খাবারের ব্যবস্থা, বিভিন্ন ক্রীড়া ও বিনোদন কার্যক্রম থাকছে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনের পরিকল্পনা রয়েছে। কার্নিভালের প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, কক্সবাজারে আসা পর্যটকেরা সাধারণত দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় তাঁরা সৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে কাটালেও সন্ধ্যার পর বিনোদনের সুযোগ সীমিত। পর্যটকদের বাড়তি বিনোদন দিতেই কার্নিভ্যাল সাজানো হয়েছে। এখানে দিন-রাত ২৪ ঘণ্টা সময় কাটানোর সুযোগ রাখা হয়েছে।
স্পেলবাউন্ডের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে পর্যটনের রাজধানী বলা হয়। এখানে পর্যটকদের জন্য দিন-রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। কার্নিভালের মাধ্যমে সেই সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।
কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান জানান, ৩৫ একর এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।



