কলমাকান্দায় পোলিং এজেন্টদের নিয়ে ডেপুটি স্পিকারের কৃতজ্ঞতা সভা, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
নির্বাচন শেষ হওয়ার পর সাধারণত পোলিং এজেন্টদের অবদানের কথা খুব একটা স্মরণ করা হয় না। সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের সম্মানে কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভার আয়োজন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২২ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পোলিং এজেন্টরা অংশ নেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এজেন্ট একটি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ প্রতিনিধি। গত নির্বাচনে আপনারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় মাধ্যম। আপনারা সাহসিকতা, ধৈর্য ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সে কারণেই মনে হয়েছে, আপনাদের নিয়েই আমার সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বসা উচিত।’
তিনি জানান, কলমাকান্দা ও দুর্গাপুরের উন্নয়ন, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থার পরিকল্পনায় পোলিং এজেন্টদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া কলমাকান্দায় গার্মেন্টসের কাজ শেখার জন্য একটি প্রশিক্ষণ স্কুল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও ঘোষণা দেন তিনি।
কলমাকান্দা বাজারের উচ্ছেদ অভিযান প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় সরকারি জায়গা থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এতে যাঁদের ঘর বা দোকান ভাঙা হয়েছে, তাঁদের প্রতি তিনি দুঃখ প্রকাশ করেন। ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার ও সহযোগিতার আহ্বান জানান তিনি।
জাতীয় রাজনীতি প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সমান অধিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে ‘আমি-ডামি’ নির্বাচন উল্লেখ করে তিনি অতীতের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, দেশের বাইরে থেকে একটি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা এবং দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংক ও গার্মেন্টস শিল্পে হামলার ঘটনাকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন।
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই’—এটাই ছিল তাঁর রাজনৈতিক অবস্থান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এ দেশ দেশের মানুষকেই গড়ে তুলতে হবে। এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। হিন্দু, মুসলমান, গারো ও হাজংসহ সব সম্প্রদায়ের মানুষের সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির প্রবীণ নেতা এম এ খায়ের। এতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বক্তব্যের শেষ পর্যায়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ব্যক্তিগতভাবে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও আগামী প্রজন্মের জন্য নিরাপদ, সুন্দর ও মানবিক কলমাকান্দা গড়ে তুলতে চান তিনি। যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করতে পারবেন।



