দেশকে কারো পৈত্রিক সম্পত্তি বানাতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
হেমন্তের বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার ঠিক আগমুহূর্ত। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠ তখন উৎসবের রঙে রঙিন। গাঁদা রঙের ঝালরে সাজানো মঞ্চের সামনে ঐতিহ্যবাহী সাদা-লাল পোশাক ও মাথায় গামছা বেঁধে ছন্দময় নৃত্য-গীতে মেতে উঠেছেন হাজং শিল্পীরা।
দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এর প্রাণবন্ত আঙিনায় শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, তখন প্রথাগত রাজনৈতিক বক্তৃতার চেনা ছক ভেঙে মুহূর্তেই তৈরি হলো এক আবেগঘন ও আন্তরিক আবহ।
মঞ্চের টেবিলে বিছানো আদিবাসী তাঁতের ঐতিহ্যবাহী নকশাদার কাপড় আর গলায় জড়িয়ে নেওয়া উত্তরীয়র উষ্ণতা ছুঁয়ে ডেপুটি স্পিকার ফিরে গেলেন তার শৈশবের স্মৃতিতে। জানালেন, জনগণের শাসক নয়, বরং গারো, হাজং, হিন্দু ও মুসলমানের এই বৈচিত্র্যময় জনপদের একজন ‘মালি’ হয়েই তিনি কাজ করতে চান।
বক্তব্যের একপর্যায়ে অত্যন্ত আবেগঘন কণ্ঠে নিজের শৈশবের কথা তুলে ধরেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, পারিবারিকভাবেই ছোটবেলা থেকে এই অঞ্চলের হাজং ও গারো সম্প্রদায়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি নিজ বাড়িতে হাজং ও গারোদের স্নেহ-ছায়াতেই তার শিশুকাল লালিত-পালিত হয়েছে। শৈশবে যে আদিবাসী জনগোষ্ঠীকে তিনি অর্থবিত্ত ও ঐশ্বর্যে ভরপুর দেখেছিলেন, রাষ্ট্রীয় নানা নীতির কারণে কালের পরিক্রমায় সেই হাজং সম্প্রদায় আজ অনেকাংশেই সংকুচিত হয়ে পড়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের সূত্র ধরে কায়সার কামাল বলেন, জাতিগত ও ধর্মীয় পরিচয় আলাদা হলেও কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে শত শত বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। নির্বাচনের আগের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের কলমাকান্দা-দুর্গাপুর একটি বাগানের মতো- যেখানে গারো, হাজং, হিন্দু, মুসলমান সবাই আছে। আমি নিজেকে এই বাগানের ‘মালি’ মনে করি। সবাইকে সঙ্গে নিয়ে এই জনপদকে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকের স্বাধীনতা ও সমান অধিকার থাকবে।”
হাজং সম্প্রদায়ের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) ধারণার মর্মার্থ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিরোধী দলে থাকা অবস্থায় তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন- জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তুলবেন। এর মূল দর্শন হলো- হিন্দু, মুসলমান, গারো, হাজং, খ্রিষ্টান কিংবা বৌদ্ধ যে যার ধর্মীয় ও জাতিগত পরিচয় নিয়েই বাংলাদেশের সমান নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার ভোগ করবেন। এই দর্শনের আলোকেই হাজং ও গারোদের হৃত গৌরব পুনরুদ্ধার এবং শত বছরের ইতিহাস-ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা হবে।
আদিবাসীদের আত্মপরিচয় ও মর্যাদার প্রশ্নে নিজের দীর্ঘদিনের সংহতির কথা স্মরণ করে তিনি জানান, ২০০৯ সালের শেষের দিকে সংবিধান সংশোধনের মাধ্যমে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দটি যুক্ত করার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী সংগঠনের ডাকা সভায় তিনি নিজে উপস্থিত হয়েছিলেন। হাজংদের সেই আবেগ ও অনুভূতি তিনি হৃদয়ে ধারণ করেন জানিয়ে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে তাঁদের মর্যাদা সমুন্নত রাখার সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজংয়ের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে চাকরি-বাকরির ক্ষেত্রে অনগ্রসর হাজং ও গারো তরুণদের বিষয়টি সদয়ভাবে বিবেচনা করা হলে দেশের প্রতি তাদের শত বছরের অবদানের কিছুটা হলেও মূল্যায়ন হবে।
কেবল আশ্বাস বা ‘কথার ফুলঝুরি’ নয়, বরং বাস্তব কাজের মাধ্যমে পিছিয়ে পড়া হাজং জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন ব্যারিস্টার কায়সার কামাল। কালের বিবর্তনে প্রজন্ম থেকে প্রজন্মে হারিয়ে যেতে বসা হাজং ভাষা সংরক্ষণের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, নিজস্ব ভাষা থাকলেও বইয়ে লিপিবদ্ধ না থাকায় ভাষাটি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছিল। বিষয়টি জানার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতাদের নিয়ে বৈঠক করেন এবং বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রেখে ‘মুলা হাজং’ নামে একটি বই প্রকাশ করেন।
এখানেই থেমে না থেকে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার চর্চা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী কর্মপরিকল্পনার কথাও জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, মায়ের সঙ্গে শিশুরা যখন মন্দিরে যায়, তখন সেখানেই যেন তারা হাতে-কলমে মাতৃভাষা শিখতে পারে, সেজন্য ‘মন্দিরভিত্তিক হাজং ভাষা শিক্ষা’ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খানের বক্তব্যের রেশ ধরে ডেপুটি স্পিকার হাজং সম্প্রদায়ের গৌরবোজ্জ্বল সংগ্রামী ইতিহাসের কথা স্মরণ করেন। তিনি বলেন, হাজংরা অত্যন্ত বিপ্লবী ও সত্যনিষ্ঠ জাতি; সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে বহুবার নিগৃহীত হলেও তারা কখনো মাথা নত করেননি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনে হাজংদের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়, আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও অসংখ্য হাজং সন্তান দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।
সমকালীন প্রেক্ষাপট ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও দৃঢ় অবস্থান তুলে ধরেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, মাত্র এক-দেড় মাসেই এক হাজার ৪০০ শিশু-কিশোর ও যুবক-যুবতীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল; আজ আবারও সেই অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। পূর্বপুরুষেরা যেভাবে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন এবং শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় বুলেটকে আলিঙ্গন করেছেন, ঠিক সেভাবেই দেশের প্রতিটি নাগরিক অতন্ত্র প্রহরীর মতো স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করবেন।
ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় উল্লেখ করে কায়সার কামাল বলেন, কোনো একক ব্যক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতা আসেনি। এই দেশকে আর কখনো কারো পৈত্রিক সম্পত্তি বা ‘আমিত্বের দেশ’ বানাতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না; মানুষকে ভালোবাসা দিয়ে ‘ম্যানেজ’ করতে হবে। কোনো সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে তিনি বিপথে থাকা মানুষদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
উৎসবের আঙিনায় মিলনমেলাসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উৎসবের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং এবং স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ আল মামুন, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ খায়ের, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।
আলোচনা পর্ব শেষে হাজং সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী নৃত্য-গীতের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠের উৎসবমঞ্চে তখনও বাজছে হাজং লোকজ সুরের মূর্ছনা।
শত বছরের সংগ্রামী ঐতিহ্যের সেই সুর আর বৈষম্যহীন ‘রেইনবো নেশন’ গড়ার অঙ্গীকার মিলেমিশে সীমান্তবর্তী এই জনপদের মানুষের চোখে এঁকে দিয়ে গেছে নতুন আশার আলো।



