মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ দুই জলদস্যু আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি দুইটি বন্দুকসহ চিহ্নিত দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার দুপুরে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।
আটকরা হল- মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)। তারা চিহ্নিত ডাকাতদলের সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতি ঘটনায় জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে লে. কমান্ডার মো. আরাফাত হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম উপকূল এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন জড়ো হওয়ার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটকদের স্বীকারোক্তি মতে, ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় দেশীয় তৈরি ২ টি লম্বা বন্দুক।
তিনি জানান, আটকরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য। ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।



