নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৫
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচ যাত্রী। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নাদাইল গ্রামের মৃত রাজিউদ্দিনের স্ত্রী। আহত যাত্রীরা হলেন সৌরভ (২৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫), কাউসার (১৫) ও জান্নাতুল (৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইটাখোলাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা যাত্রীর মধ্যে মিনারা বেগম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন চালকসহ পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।



