গোপালগঞ্জে ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর ফলে জেলাটিতে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে। একই সঙ্গে দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা মাঠপর্যায়ে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী সাতটি জেলায় দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন মোতায়েন রয়েছে। এসব সদস্য জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন।
নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া প্রদানের প্রস্তুতিও বজায় রাখা হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সর্বোচ্চ সতর্কতা, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব আচরণ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সমন্বিত নিরাপত্তা তৎপরতা জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতির নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও দায়িত্ব পালনে অবিচল রয়েছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সম্পদ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত তাঁদের এই নিরলস দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।



