চোরাগুপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খোকন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, অতীতে কেউ চোরাগুপ্তা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল ফুটিয়ে কখনো ক্ষমতায় যেতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর সারা দেশে নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
তিনি বলেন, গোপালগঞ্জে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের দুইজন সংসদ সদস্যের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া নড়াইলে দুইজন এবং ফরিদপুরে একজনসহ আমাদের তিনজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। সরকার এতদিন চরম ধৈর্য, সংযম ও সহনশীলতার পরিচয় দিয়েছে। অতীতে গুম, খুন ও ক্রসফায়ারের মতো মানবতাবিরোধী অপরাধ হলেও বর্তমান সরকার এখন পর্যন্ত একটি গুলিও ছোড়েনি। থানা লুট ও মানুষ হত্যার পরও পুলিশ ধৈর্য ধরেছে। তবে এই ধৈর্যের সীমা শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে, আর ধৈর্য নয়। এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে সকল সন্ত্রাস ও নাশকতা দমন করা হবে।
এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি হারুন অর রশিদ, এড. বাছেদ, একেএম গোলাম কামাল, দ্বীন মোহাম্মদ দিপু, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।



