নিরাপত্তায় সাহসিকতার স্বীকৃতির পুরস্কার পেলেন দুই ভিডিপি সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার শ্রীমুখ ধানকোড়া সার্বজনীন দুর্গামণ্ডপে দায়িত্ব পালন করছিলেন ভিডিপি সদস্য মো. শাকিব হোসেন ও মো. আশরাফুল ইসলাম।
গত ২০ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে তিন যুবক মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশের চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় যুবকরা অসৌজন্যমূলক আচরণ করে এবং মণ্ডপের ডেকোরেশনের ফ্যান ভাঙচুর করে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দুই ভিডিপি সদস্য সাহসিকতা ও সতর্কতার সঙ্গে তাৎক্ষণিক পদক্ষেপ নেন।
পূজা উদযাপন কমিটির সদস্যদের সহযোগিতায় তারা তিন যুবককে আটক করেন। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়। তাদের সময়োপযোগী পদক্ষেপে মণ্ডপে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।
জননিরাপত্তা ও ধর্মীয় উৎসবের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন সাহসিকতা, সতর্কতা ও দায়িত্বনিষ্ঠা বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। দায়িত্ব পালনে তাদের এই সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও প্রশংসিত হয়েছে।
এরই স্বীকৃতিস্বরূপ ১৭ নভেম্বর (মঙ্গলবার) পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে ভিডিপি সদস্য মো. শাকিব হোসেন ও মো. আশরাফুল ইসলামের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার। এ সময় মানিকগঞ্জের জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক জনাব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ভবিষ্যতেও তাঁদের এ ধরনের সাহসিকতাপূর্ণ ও দায়িত্বশীল কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুপ্রাণিত করেন।



