কিশোরগঞ্জে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবি পদবঞ্চিতদের
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও অনুপ্রবেশকারীদের নিয়ে গোপনে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) রাতে জেলা শহরের হারুয়া চৌরাস্তা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন অভিযোগ করে বলেন, গত ৮ নভেম্বর গোপনে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। ৫ থেকে ৭ দিন পর তাঁরা ফেসবুকের মাধ্যমে কমিটির বিষয়টি জানতে পারেন। কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করা ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। এমনকি কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের অনেকেই বিষয়টি জানেন না।
তিনি বলেন, ‘আমরা শত শত নেতাকর্মী নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। অথচ আমাকে এবং আমার সঙ্গে ১০-১২ বছর ধরে রাজনীতি করা ৩০০ কর্মীর কাউকেই সাধারণ সদস্য পদেও রাখা হয়নি। হারুয়ায় এর আগে সব কমিটি উন্মুক্ত আলোচনার মাধ্যমে গঠন করা হলেও এবার গোপনে বিতর্কিত কমিটি দেওয়া হয়েছে। এতে এলাকায় দ্বন্দ্ব ও হানাহানির আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে কমিটি বাতিল না করলে এর পরিণতি ভালো হবে না।’
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম মোল্লা বলেন, ‘এই ওয়ার্ডে কি বিএনপির লোকজন নেই যে আওয়ামী লীগের লোকজন এনে কমিটি দিতে হবে? এখানে অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন, যাঁদের বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দোসরদের নিয়ে কমিটি গঠন করার কারণেই কলেজ ও মাদ্রাসা কেন্দ্রে রিকশা মার্কা এত ভোট পেয়েছে। আমাদের দাবি, অবিলম্বে এই কমিটি বাতিল করে সিনিয়র-জুনিয়র সবার মতামতের ভিত্তিতে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক।’
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম বিল্লাল বলেন, তিনি তিনবার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অথচ নতুন কমিটি গঠনের বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। সবার মতামতের ভিত্তিতে ওয়ার্ডে বসে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় পৌর ও জেলা বিএনপির নেতাদের নিতে হবে।
বিএনপি নেতা আলমগীর অভিযোগ করে বলেন, দলের আন্দোলন-সংগ্রামে যাঁরা পেছনে থেকে ব্যানার ধরে ভূমিকা রেখেছেন, তাঁদের বাদ দিয়ে শুধু সামনে থেকে ছবি তোলা ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে। জ্যেষ্ঠ, সাবেক ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন ও অযোগ্য ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। এমনকি তাঁদের সাধারণ সদস্য হিসেবেও রাখা হয়নি।
তিনি আরও বলেন, ‘পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সবকিছু জানার পরও কীভাবে আড়ালে এই কমিটি দিলেন? এর পেছনে অর্থ লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অবিলম্বে কমিটি বিলুপ্ত করে ৫ নম্বর ওয়ার্ডে সরাসরি কাউন্সিলের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।’
তবে পদবঞ্চিত নেতাকর্মীদের এসব অভিযোগ নাকচ করেছেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক। তিনি বলেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও বিবেচনায় নেওয়া হয়েছে। কৃষক দল, মৎস্যজীবী দল ও শ্রমিক দলের অনেক নেতাকর্মীকে কমিটিতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যাঁরা সক্রিয় ভূমিকা রেখেছেন এবং অতীতেও দলের পাশে ছিলেন, তাঁদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে কমিটি দেওয়া হয়েছে। ৫ নম্বর ওয়ার্ড একটি সংবেদনশীল এলাকা এবং বিএনপির একটি দুর্গ। এখানে চাইলেই সবাইকে কমিটিতে জায়গা দেওয়া সম্ভব নয়। কমিটিতে স্থান না পাওয়া ব্যক্তিদের অনেকেই অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের অনেকের নাম এই কমিটিতে রয়েছে।’
আমিনুল ইসলাম আশফাক বলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করে তাঁর কাছে পাঠিয়েছেন। পরে তিনি সেটি অনুমোদন করেছেন।



