Logo
Logo
×

সারাদেশ

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

Icon

সাভার ও গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। সাভারের হেমায়েতপুর ও গাজীপুরের ভোগড়া এলাকায় পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। দুই এলাকাতেই শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাভারে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড এবং গাজীপুরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় আজ সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। 

একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যেতে বলেন। এতে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। কিছু শ্রমিক কারখানায় ঢুকে হাজিরা দিয়ে বাসায় চলে যাচ্ছেন। অন্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত বিজিবি ও পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায়ও সকাল থেকে শ্রমিক বিক্ষোভ চলছে। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া এলাকায় একটি কারখানার সামনে সড়কে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর কিছুক্ষণ পর একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ভোগড়া ও আশপাশের এলাকায় শ্রমিকেরা ছড়িয়ে পড়েন। অনেককে বাসায় ফিরে যেতে দেখা যায়।

সকাল সোয়া ৯টার দিকে ভোগড়া থেকে টাঙ্গাইলমুখী সড়কের ডিভাইডার ভেঙে সড়কে ফেলে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। পরে পুলিশ অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হননি।

ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো শ্রমিককে অবস্থান নিয়ে বিক্ষোভের প্রতি সংহতি জানাতে দেখা যায়। তাদের সবার গলায় বিভিন্ন কারখানার আইডিকার্ড দেখা যায়।

ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) তরিকুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন