Logo
Logo
×

সারাদেশ

বিদ্যালয় কমিটি নিয়ে বিরোধ

নেত্রকোণায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

নেত্রকোণায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নেত্রকোণার আটপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও তার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ সোমবার দুপুরে উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষকের নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার অভিযোগ, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তার পেটে লাথি মারেন এবং অন্যরা কিল-ঘুষি মারেন। বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাকে উদ্ধার করেন।

নিবেদিতা দেব বলেন, বিএনপি নেতাকর্মীরা বিদ্যালয়ের বাইরে অন্য একটি স্থানে বৈঠক করে তাকে সেখানে ডেকে পাঠান। কী বিষয়ে বৈঠক, তা না জানায় তিনি তাদের বিদ্যালয়ের অফিসে এসে কথা বলতে বলেন। এরপরই তারা বিদ্যালয়ে এসে হামলা করেন।

তিনি বলেন, ‘আনোয়ার হোসেন আমার পেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই কথা বলার পরও তারা ক্ষান্ত হননি।’

শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের কমিটি নিয়ে তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মারধরের অভিযোগ অস্বীকার করে তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, তারা বিদ্যালয়ের পাশে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। প্রধান শিক্ষিকাকে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলে তিনি তা গুরুত্ব দেননি। পরে তারা বিদ্যালয়ে গিয়ে দেখেন, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। শিক্ষিকা কেন আওয়ামী লীগের লোক নিয়ে বৈঠক করছেন—সে বিষয়ে কেবল জানতে চাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়নি।

এদিকে এ ঘটনায় আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আটপাড়া উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

নোটিশের বিষয়ে আনোয়ার হোসেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে লিখিত জবাব দেবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন হলেও সভাপতি নির্বাচন বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবর তিনি শুনেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন