Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে মজুমদার ফুডসের বাউন্ডারি ওয়ালের পাশে পড়েছিল কিশোরের লাশ, রহস্যের জট

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

শেরপুরে মজুমদার ফুডসের বাউন্ডারি ওয়ালের পাশে পড়েছিল কিশোরের লাশ, রহস্যের জট

বগুড়ার শেরপুরে মজুমদার ফুডস লিমিটেডের বাউন্ডারি ওয়ালসংলগ্ন স্থান থেকে বিপ্লব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার ছোনকা এলাকায় কোম্পানিটির দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়ালের পাশে স্থানীয় নজরুলের বাড়ির কাছে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত বিপ্লব শেরপুর উপজেলার ছোনকা কেনার ডাক্তারের চাতালসংলগ্ন এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে। তার নানার বাড়ি উপজেলার বাগড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব পেশায় একটি টলি (ছোট মালবাহী যান) চালাত।

কোম্পানির নিরাপত্তাকর্মী এনামুল হোসেন ও নজরুল ইসলাম জানিয়েছেন, ভোর আনুমানিক ৪টার দিকে কোম্পানির বাউন্ডারি ওয়ালের বৈদ্যুতিক বাতি নিভে যায়। পরে তারা কোম্পানির দক্ষিণ পাশের দেয়ালের ওপরের বৈদ্যুতিক তার ছেঁড়া দেখতে পান। এরপর বাইরে গিয়ে কলাগাছের পাশে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা কোম্পানির অ্যাডমিন রঞ্জনকে জানান।

অ্যাডমিন রঞ্জন জানিয়েছেন, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি তাদের বাইরে যেতে নিষেধ করেন এবং পুলিশকে খবর দেন।

তবে কোম্পানির হেড অব অ্যাকাউন্টস অরুপ চক্রবর্তীর বক্তব্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। তার ভাষ্য, কোম্পানির ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তাকর্মীরা প্রথমে মরদেহটি দেখতে পান। তবে সরেজমিনে দেখা গেছে, ওয়াচ টাওয়ার থেকে মরদেহ উদ্ধারের স্থানটি দেখার সুযোগ নেই।

মরদেহটি যে স্থানে পাওয়া গেছে, সেটি স্থানীয় নজরুলের বাড়ির জায়গা বলে জানা গেছে। নজরুল জানিয়েছেন, রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। ভোরে বাড়ির বাইরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বের হয়ে দেখেন, মরদেহের পাশে কোম্পানির তিনজন কর্মী ও অলেছা নামের এক নারী দাঁড়িয়ে আছেন। তবে সেখানে কোনো তার কাটা ছিল কি না কিংবা মরদেহটি কীভাবে সেখানে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একই কথা জানিয়েছেন সেখানে উপস্থিত রওশনারা, ফুলেরাসহ অন্যরাও।

অন্যদিকে, পাশের একটি ইটভাটায় রান্নার কাজ করেন প্রত্যক্ষদর্শী অলেছা। তিনি জানিয়েছেন, ভোর ৪টার দিকে রান্নার জন্য ওই পথ দিয়ে যাওয়ার সময় নজরুলের বাড়ির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। এ সময় কোম্পানির তিনজন ব্যক্তি তাকে জানান, কিশোরটি এখনো বেঁচে আছে। তবে মরদেহের অবস্থা দেখে তার কাছে বেঁচে থাকার কোনো লক্ষণ মনে হয়নি।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল ইসলাম জানিয়েছেন, রহস্যজনক অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন