Logo
Logo
×

সারাদেশ

জামালপুর সীমান্তে শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

জামালপুর সীমান্তে শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী

জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন ধরে অবস্থান করছেন এক নারী। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযোগ, তাকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে গত মঙ্গলবার সকাল থেকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্তে অবস্থান করতে দেখা যাচ্ছে। আজ শনিবারও তাকে সেখানে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারী নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে একেক সময় একেক তথ্য দিচ্ছেন। প্রথম দিকে তিনি নিজের নাম ফুজি বেগম, বাবার নাম হানিফ এবং বয়স ৩০ বছর বলে জানিয়েছিলেন।

বিজিবির অভিযোগ, ওই নারী শূন্যরেখায় আসার পর তাকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু বিজিবি ও স্থানীয় লোকজনের বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়।

এরপর থেকে তিনি শূন্যরেখায় অবস্থান করছেন। স্থানীয় বাসিন্দারা তাকে ভাত, পানি ও শুকনো খাবার দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, খোলা আকাশের নিচে পাঁচ দিন ধরে তিনি কষ্ট করছেন। এমনিতেই তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। কোথাও যেতে না পেরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন।

পাথরের চরের আরেক বাসিন্দা আমেনা বেগম বলেন, আমরা আশা করি, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে বিষয়টির একটা সমাধান করবেন। 

শুক্রবার বিকেল পর্যন্ত দুই বাহিনীর মধ্যে যোগাযোগ হলেও বিষয়টি নিয়ে কোনো সমাধান হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ওই নারী নিজের সুনির্দিষ্ট ঠিকানা দিতে পারছেন না, কিছু অসম্পূর্ণ তথ্য দিচ্ছেন। তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়েছে।

বিএসএফের দাবি, ওই নারী বাংলাদেশের নাগরিক। তবে বিজিবি বলছে, তাকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে এবং এর প্রমাণ তাদের কাছে রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান আরও বলেন, বিএসএফ যেন ওই নারীকে ফিরিয়ে নেয়, সে বিষয়ে যোগাযোগ চলছে। দুই বাহিনীর মধ্যে মাঠপর্যায়ে নিয়মিত যোগাযোগের পাশাপাশি ঊর্ধ্বতন পর্যায়েও আলোচনা চলছে। তবে সমাধান হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন