১৯ দিন পর ইনানীর সেই গ্যাসকূপের আগুন নির্বাপনে কাজ শুরু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
দীর্ঘ ১৯ দিন পর কক্সবাজারে ইনানীর সেই গ্যাসকূপের আগুন নির্বাপনে অবশেষে মাঠে পর্যায়ে কাজ শুরু করেছে বাপেক্স। ইতিমধ্যে বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছে। আনুষাঙ্গিক প্রস্তুতির শেষে শনিবার বিকেলে আগুন নির্বাপনের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকালে পেট্রোবাংলা, বুয়েট ও শেভরন বাংলাদেশের একটি বিশেষজ্ঞ টিম গ্যাসকূপ পরিদর্শন করেছেন। খতিয়ে দেখেছেন উদগীরিত গ্যাসকূপের ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন পরিস্থিতি।
বাপেক্সের ড্রিলিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, গ্যাস উত্তোলনের জন্য খনন করার হবে কিনা সেই বিষয়ে এখনই সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। আপাতত নিরাপদে জ্বলন্ত আগুন নির্বাপন বা নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। তবে গ্যাসের মজুদ নিয়ে অনুসন্ধানের কাজ শুরু না করার আগেই মন্তব্য করতে নারাজ তিনি।
তিনি বলছেন, গ্যাসকূপের আগুন বন্ধের সব ধরণের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি আনা হচ্ছে। তবে কবে নাগাদ বন্ধ করা হবে সেটি এখনো বলা যাচ্ছে না। আগুন বন্ধ করার পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ টিম অনুসন্ধান করবে। অনুসন্ধানের ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় স্হানীয় বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উঠে আসে। এই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন বিগত ১৮ দিন ধরে জ্বলছে৷ এরইমধ্যে বাপেক্স পেট্রো বাংলাসহ সরকারের বিভিন্ন দপ্তরের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন৷ দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নানা পদক্ষেপ। ঘটনাস্থলের দু'শ মিটার এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়।



