শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদক আইনে মামলা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার বারো দুয়ারী পাড়া হাটখোলা শাহজাহান মাজার রোড এলাকায় সোহানা ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ ওরফে রতন শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এসআই মো. আ. কুদ্দুস, এএসআই মো. ওমর ফারুক ও কনস্টেবল মো. আরিফুজ্জামান পৌর এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল্লাহ ওরফে রতনকে আটক করে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার পরিহিত জিন্সের ফুলপ্যান্টের সামনের ডান পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরামুল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শেরপুর থানার মামলা নম্বর-১৫, তারিখ ১৪ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



