কলাপাড়ায় অনুমোদনহীন ১০ বিদ্যালয়ের রমরমা বাণিজ্য
আবিদ হাসান সাইমুম, কলাপাড়া
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
কলাপাড়ায় অনুমোদনহীন ১০ বিদ্যালয়ের রমরমা বাণিজ্য
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অন্তত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের নামে এসব প্রতিষ্ঠান অভিভাবকদের কাছ থেকে মাসিক বেতন, সেশন ফি এবং বই-খাতা বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের পাঠদানের মান, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে পৌর শহরের গোলাপবাগ এলাকার ‘কলাপাড়া আইডিয়াল স্কুল’-এর চিত্র বেশ উদ্বেগজনক। বিদ্যালয়টিতে অধিকাংশ দিনই জাতীয় পতাকা উত্তোলন করা হয় না এবং সেখানে কোনো বিদ্যুৎ সংযোগও নেই। শ্রেণিকক্ষে পর্যাপ্ত আসবাবপত্রের অভাবে একটি বেঞ্চে গাদাগাদি করে তিন থেকে চারজন শিক্ষার্থীকে বসতে হচ্ছে। এছাড়া কাগজে-কলমে ২৫ জন শিক্ষক থাকার কথা বলা হলেও তাঁদের অধিকাংশই নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না বলে অভিযোগ রয়েছে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
শুধু কলাপাড়া আইডিয়াল স্কুলই নয়, উপজেলার অধিকাংশ ব্যক্তিমালিকানাধীন বেসরকারি বিদ্যালয়ের চিত্র প্রায় একই রকম। প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ও নিয়মিত তদারকি ছাড়াই এসব প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষার মান এবং অভিভাবকদের আর্থিক স্বার্থ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে কলাপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদ রেজা বলেন, "অনুমোদনের জন্য আমাদের কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দেওয়া আছে। বোর্ড থেকে সাময়িকভাবে পাঠদানের অনুমতি রয়েছে। এছাড়া সোবাহান সিকদার মডেল একাডেমি থেকে বই সংগ্রহ করে আমরা শিক্ষার্থীদের পাঠদান করাই।"
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, "সরকারি অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারে না। বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।"



