রাজনীতির বিরোধে বাড়িঘরে হামলা’ ফেসবুক পোস্টের তীব্র নিন্দা
রুকন উদ্দিন, কেন্দুয়া
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিত্তিহীন তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দুয়া উপজেলা বিএনপি।
সম্প্রতি 'রাজনীতির বিরোধে বাড়িঘরে হামলা' শিরোনামে একটি ফেসবুক পোস্টে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঁইয়ার সাউদপাড়াস্থ বাড়িতে হামলার অভিযোগ এনে বিএনপি ও এর সহযোগী সংগঠনকে জড়ানো হয়। তবে স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন এবং খোদ পোস্টদাতা সংবাদকর্মীর বক্তব্যে হামলার বিষয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া জানান, কামরুল হাসান ভূঁইয়ার বাড়িতে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনাই ঘটেনি। কোনো ধরনের তথ্য-প্রমাণ ও সত্যতা যাচাই ছাড়াই দৈনিক 'আমার দেশ' পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মো. শাহ্ আলী তৌফিক রিপন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন। একজন সংবাদকর্মীর এমন ভিত্তিহীন উপস্থাপন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রমাণ ছাড়া বিএনপির ওপর দায় চাপিয়ে মনগড়া বক্তব্য প্রচার বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সত্যতা যাচাই না করে মনগড়া তথ্য প্রচার বন্ধ করুন। আমরা অপপ্রচার নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাই।"
ঘটনার সত্যতা জানতে ১১ নভেম্বর সাউদপাড়া গ্রামের বাসিন্দা হারেছ মিয়া ও রুস্তম আলীসহ স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, কামরুল হাসান ভূঁইয়ার বাড়িতে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনাই ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার।
এ বিষয়ে ফেসবুক পোস্টদাতা ও দৈনিক আমার দেশ পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি শাহ্ আলী তৌফিক রিপন মুঠোফোনে নিজের ভুল স্বীকার করে জানান, ভাঙচুরের বিষয়টি সত্য নয়। তাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল এবং সেই তথ্যের আলোকেই তিনি ফেসবুকে লিখেছিলেন। তথ্যটি আরও যাচাই-বাছাই করা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কামরুল হাসান ভূঁইয়ার সাথে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এমন কোনো হামলা বা ভাঙচুরের তথ্য কিংবা অভিযোগ পুলিশের কাছে আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।



