সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
নিহত ছাত্রদল নেতা আমিনুর রহমান ও আহত নারী। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা নারী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম আমিনুর রহমান সৌরভ (৩০)। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আহত নারীর নাম রিয়া খাতুন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে একটি মোটরসাইকেলে রিয়া খাতুনকে নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানী বাজার সংলগ্ন ভেটেরিনারী কলেজের সামনে স্পিডব্রেকার এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সৌরভকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আহত রিয়া খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার বাসিন্দা। স্থানীয়দের সূত্রে জানা যায়, কিছুদিন আগে রিয়া খাতুনের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং তারা ঘুরতে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান বলেন, স্পিড ব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তার একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন।



