Logo
Logo
×

সারাদেশ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারি অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারি অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা

রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর উসকানি ও অপশাসনের তীব্র সমালোচনা করে ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নতুন জয় চাকমা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে প্রচারিত এক ভিডিও বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বিবৃতিতে নতুন জয় চাকমা বলেন, ‘সাজেকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় জনস্বার্থবিরোধী সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল। সাজেকবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হলো।’

তিনি আরও বলেন, ‘মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ এবং সাজেকের একজন সাধারণ জুম্ম হিসেবে স্বজাতির প্রতি কর্তব্যবোধ থেকেই তিনি সত্যগুলো তুলে ধরতে বাধ্য হয়েছেন। দীর্ঘ দিন ধরে চলমান এই অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সাজেকের সঙ্গে বাইরের এলাকার যোগাযোগ ব্যাহত হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।’

ইউপিডিএফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে কার্বারি অ্যাসোসিয়েশনের সদ্যবিদায়ী এ সভাপতি বলেন, ‘আমি দীর্ঘদিন ইউপিডিএফের অপশাসনের মধ্যে ছিলাম। অভিজ্ঞতায় দেখেছি, ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করতে মৃত্যুর হুমকি দিত। অনেকেই প্রাণের ভয়ে ইচ্ছার বিরুদ্ধে এতে অংশ নিতেন।’

তিনি খোলাসা করেন যে, ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ এবং ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ নামের সংগঠনগুলো মূলত ইউপিডিএফ নিজেদের স্বার্থ হাসিলে তৈরি করেছে। কার্বারি অ্যাসোসিয়েশনের গঠন ও পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হলেও অনেক সময় তার অজান্তেই তার নামে বিভিন্ন বিবৃতি প্রকাশ করা হতো।

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, একজন কার্বারি হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করাই তার প্রধান দায়িত্ব। ইউপিডিএফের রক্তচক্ষু ও রাজনৈতিক চক্রান্ত থেকে সরে এসে সাজেকবাসীর বৃহত্তর স্বার্থে তিনি সত্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।’

সংবাদ বিজ্ঞপ্তির শেষ অংশে নতুন জয় চাকমা আনুষ্ঠানিকভাবে জানান, তিনি সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করছেন। একই সঙ্গে তিনি সাজেকবাসীর দুর্ভোগের স্থায়ী অবসান এবং এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান

তবে গত ৭ নভেম্বর নবগঠিত সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ডাকা অবরোধ এখনো চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন