Logo
Logo
×

সারাদেশ

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কমিটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কমিটি

কুমিল্লার ধর্মসাগর পাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাড়ি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ লক্ষ্যে ছয় সদস্যের একটি পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার সই করা অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটি বাড়িটির বর্তমান অবস্থা যাচাই করে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন তৈরি করবে। পরে প্রতিবেদনটি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে জমা দেবে।

এদিকে, ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অ্যারোমা দত্ত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’

তাদের পারিবারিক বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কীভাবে পরিত্যক্ত হিসেবে উল্লেখ করেছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

গত শুক্রবার বিকেলে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে ‘অ্যারোমা দত্তের ওয়ারিশসূত্রে মালিক’ লেখা সাইনবোর্ডটি ভেঙে ফেলেন কুমিল্লা মহানগর এনসিপির নেতারা।

তাদের দাবি, বাড়িটি সংরক্ষণ করে সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করতে হবে।

এ বিষয়ে এনসিপির কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মাসুমুল বারী কাওসার বলেন, ‘ঐতিহাসিক বাড়িটি রক্ষার স্বার্থেই আমরা সাইনবোর্ডটি সরিয়েছি। বাড়িটি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিক্রির যেকোনো চেষ্টা আমরা প্রতিহত করব।’

অ্যারোমার মালিকানা দাবির বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দুবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য থাকলেও স্থানীয় বাসিন্দারা তাকে কখনো বাড়িটিতে আসতে বা দাদার স্মরণে কোনো অনুষ্ঠান আয়োজন করতে দেখেনি।’

জমির নামজারি প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে সম্পত্তিটি তার নামে রেকর্ড করা হয়েছে, সে প্রশ্নও তোলেন বারী কাওসার।

তিনি আরও বলেন, ‘বাড়িটি দেশের ইতিহাস, বিশেষ করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই এটি সংরক্ষণ করা উচিত বলে মনে করে এনসিপি। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে অ্যারোমা দত্ত বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি। কীভাবে এটি ব্যবহার করা হবে, এমনকি বিক্রি করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার পরিবারের।’

তিনি বলেন, ‘দাদার স্মৃতি সংরক্ষণের পরিকল্পনা আমারও রয়েছে। তবে তা বাস্তবায়নের জন্য আগে আমাকে সুযোগ ও প্রয়োজনীয় সম্পদ দিতে হবে।’

অ্যারোমা দত্ত বলেন, ‘গত পাঁচ দশকেও রাষ্ট্র আমার দাদাকে যথাযথ সম্মান দিতে পারেনি। এমনকি ঢাকায় তার নামে কোনো সড়ক বা গলির নামও রাখা হয়নি। ৫০ বছর পর যারা এখন ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণের দাবি তুলছেন, তাদের এই দাবির পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। তারা আমাদের জমি দখল করতে চায়।’

‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কিছু ভূমিদস্যু আমাদের এবং আমাদের ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে এসব মানুষকে উসকে দিয়েছে। তবে রাষ্ট্র চাইলে দেশের যেকোনো স্থানে ঐতিহাসিক ব্যক্তিত্বের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিতে পারে’, বলেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

তিনি আরও বলেন, অ্যারোমা দত্তের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৪০-এর দশকের শেষ দিকে তিনি কুমিল্লায় বাড়িটি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।

১৯৭১ সালের ২৯ মার্চ রাতে ধীরেন্দ্রনাথ দত্ত ও তার ছেলে দিলীপ কুমার দত্তকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। পরে তৎকালীন ময়নামতি সেনানিবাসে (বর্তমানে কুমিল্লা সেনানিবাস) তাদের নির্যাতন করে হত্যা করা হয়। তাদের মরদেহ পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন