খাবারে শিল্পলবণ, মিষ্টিতে পোকা; সান্তাহারে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
ময়লা-আবর্জনার পাশে শুকানো হচ্ছে মরিচ। খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ শিল্পলবণ। মিষ্টির মধ্যে পাওয়া গেছে পোকা। আবার পত্রিকার কালি লাগানো কাগজে পরিবেশন করা হচ্ছে খাবার। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার চারটি হোটেল ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এমন নানা অনিয়ম পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
অভিযানে বিসমিল্লাহ হোটেলে গিয়ে দেখা যায়, ময়লা-আবর্জনার সঙ্গে মরিচ শুকানো হচ্ছে। খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ শিল্পলবণ। এমনকি ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছিল। খাবার তৈরি ও সংরক্ষণেও ছিল অস্বাস্থ্যকর পরিবেশ।
গ্রামীণ ফুডসে ফ্রিজে দীর্ঘদিনের পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা মেয়াদের তথ্য ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল। বিদেশি চকলেট ও খাদ্যপণ্য আমদানির প্রয়োজনীয় প্রমাণক ছাড়াই মজুত ও বাজারজাত করার তথ্যও পাওয়া যায়।
মৌবন ফুডসে তৈরি খাবারের মধ্যে পোকা পাওয়া যায়। খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। অন্যদিকে হোটেল স্টারে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা হচ্ছিল। অপরিচ্ছন্ন হাতে ও টেবিলে খাবার তৈরি এবং পত্রিকার কালি লাগানো কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণ করতে দেখা যায়।
অভিযানের সময় চারটি প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও নজরে আসে। এসব অপরাধের দায় স্বীকার করায় বিসমিল্লাহ হোটেলকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় এক লাখ টাকা এবং গ্রামীণ ফুডসকে একই আইনের ৩৩ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মৌবন ফুডসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় পাঁচ হাজার টাকা এবং হোটেল স্টারকে একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযানের পর প্রতিষ্ঠানগুলোর মালিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনে নানা অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্ব পালন করে সান্তাহার ফাঁড়ি পুলিশ।



