হাটহাজারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করে বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে দেশ যখন আবারও চরম রাজনৈতিক ক্রান্তিলগ্নে নিমজ্জিত হয়, তখনই এ দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে নির্লোভ, নির্মোহ ও খাঁটি দেশপ্রেমিক জিয়াউর রহমানকে দেশের শাসনভার গ্রহণের আহ্বান জানান। সিপাহী-জনতার সেই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থার চির অবসান ঘটে এবং বহুদলীয় রাজনীতির শুভ সূচনা হয়। তিনি বলেন, স্বাধীনতার পর অনেক ইতিহাস বিকৃত করা হয়েছে। বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে।
কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ, পৌরসভার জাকের হোসেন, উপজেলা সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. শোয়েব, প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবি। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. আবুল হোসেন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পিআইও নিয়াজ মোর্শেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী সালমা বেগমসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



