Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার

নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রুপের প্রধান আবু লালকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশিকুর রহমান।

গ্রেপ্তারকৃত আবু লাল নরসিংদী শহরের খাটেহারা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, শহরের চৌয়ালা এলাকায় হেলাল গ্রুপ ও আবু লাল গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে কিছুদিন পর পরই তাদের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের একাধিকবার সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। গত ২ নভেম্বর বিরোধের জেরে আবু লাল তার দলবল নিয়ে হেলাল গ্রুপের সদস্য বাবুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। এসময় আহত হয় আরো দুইজন। 

এ ঘটনায় নিহতের পরিবার আবু লালকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন । মামলার পরই প্রধান আসামি আবু লাল আত্মগোপনে চলে যায়। তাঁকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশের সমন্বয়ে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সদর থানার বিভিন্ন চরাঞ্চল এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আবু লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্য মতে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে নরসিংদী মডেল থানার খাটেহারা এলাকার তাঁর নিজ রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে হত্যায় ব্যবহৃত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, আবু লাল এর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। আর অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করবে। আর তাকে আদালতে সোপর্দ করা হবে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন