Logo
Logo
×

সারাদেশ

গণহত্যার দায় স্বীকার না করলে দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

গণহত্যার দায় স্বীকার না করলে দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা চালিয়ে এখনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেনি এবং গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছে, তাদের আর বাংলাদেশে ফিরে রাজনীতি করতে দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শগত ভিন্নতা থাকলেও একটি বিষয়ে সবাই একমত যে, যারা দেশের মানুষের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে, গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের মধ্য দিয়ে জনগণ স্বৈরাচার ও ইসলামবিদ্বেষী শাসন থেকে মুক্ত হয়েছে। এ আন্দোলনে আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমিকা রেখেছেন।

জাতিসংঘের তথ্য উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গত দেড় দশকে গুম, হত্যা ও নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন হাজারো মানুষ।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃপ্রতিষ্ঠা করা হবে। সংবিধানের প্রস্তাবনায় ইসলামী মূল্যবোধের প্রতিফলন নিশ্চিতেও সরকার কাজ করবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে সব ধর্ম, মত ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। জাতীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জুলাই সনদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ আলোচনা ও পরামর্শের ভিত্তিতে প্রণীত এই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সংবিধানে জনগণের প্রত্যাশিত বিভিন্ন সংস্কার অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, বিভিন্ন সংসদ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন