শেরপুরে মাদকদ্রব্যসহ দুই যুবক গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার মাদকদ্রব্যসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর পৌরসভার জগন্নাথপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় জগন্নাথপাড়া গ্রামের বাসিন্দা সাফি হোসেনের (৩২) বসতঘরে তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ মিলিলিটার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ সাফি হোসেন (৩২) ও আল আমিন হোসেন (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করে। তারা দুজনই জগন্নাথপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরামুল ইসলাম জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/২৪(ক)/৪১ ধারায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।



