কলমাকান্দায় পদোন্নতি ও পদনাম পরিবর্তনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীদের মানববন্ধন
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় পদোন্নতি, পদনাম পরিবর্তন ও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৪ নভেম্বর) ব্যাংকটির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। ২০১৪ সালে পল্লী সঞ্চয় ব্যাংক আইন অনুযায়ী প্রতিষ্ঠিত এ ব্যাংকটি সাবেক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটিতে প্রায় ১৯ হাজার জনবল কর্মরত রয়েছেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী একই পদে চাকরি করলেও পদোন্নতি ও পদনাম পরিবর্তনের সুযোগ পাচ্ছেন না। এতে তাঁদের মধ্যে হতাশা বাড়ছে এবং কর্মস্পৃহা কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও সুশাসনের ওপর। জনবল ও কর্মপরিধি বাড়লেও পদোন্নতির সুযোগ না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তাঁরা জানান, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩তম বোর্ড সভায় পদনাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে ২০২৪ সালের ১৩ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। পরবর্তী সময়ে জনবল কাঠামো অপরিবর্তিত রেখে পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিচালনা পর্ষদের ১৩৯তম বোর্ড সভায় সাংগঠনিক কাঠামো অনুমোদনের প্রস্তাব গৃহীত হয়। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর প্রস্তাবটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।
তবে দীর্ঘ সময় পার হলেও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো এখনো অনুমোদন না পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে। ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করা এবং সুশাসন নিশ্চিত করতে দ্রুত এ কাঠামো অনুমোদনের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শামছুল আরেফিন, নেত্রকোনা জেলা কমিটির সহসভাপতি শেখ ফরিদ আহম্মদ, জুনিয়র অফিসার আসমা আক্তার, আশরাফুল আলম ও আবুল কালাম আজাদ।
বক্তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতি দ্রুত প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদনের আহ্বান জানান। তাঁদের দাবি, এটি অনুমোদিত হলে ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।



