শেরপুরে অটোচালক আসাদুল হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার চাঞ্চল্যকর অটোচালক আসাদুল (২১) হত্যা মামলার মূল আসামি রিয়াদ হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
গাবতলী থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়। পরে রবিবার (০১ নভেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রিয়াদ হোসেন বগুড়া জেলার গাবতলী উপজেলার সানচক মরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের রেহেনা বেগমের (৬০) নাতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অটোচালক আসাদুলের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদুল উপজেলার কাফুরা গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন জানান, আসামি রিয়াদ হোসেনকে গাবতলী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পরবর্তীতে তাকে শেরপুর থানায় আনা হয় এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তারের খবরে এলাকায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।



