কক্সবাজার সমুদ্র সৈকতে ‘রান ফর পিস' শনিবার
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
সামাজিক সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজার সমুদ্র সৈকতে শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পিস’ শীর্ষক সংহতি দৌড়। ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে অংশ নেবেন ৪০০-এর বেশি বিভিন্ন বয়সের মানুষ।
এমবোল্ডেন বাংলাদেশের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ, সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে। সবার জন্যই উন্মুক্ত এই আয়োজন যেখা হবে। নির্ধারিত রুট অনুযায়ী, লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড় শুরু হয়ে হলিডে মোড়, গুনগাছতলা ও নতুন ব্রিজ হয়ে আবার লাবণী বিচ পয়েন্টে এসে শেষ হবে।
আয়োজকেরা জানান, বিভিন্ন পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে তরুণদের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, যুব নেটওয়ার্কের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেবেন। সামাজিক বিভেদ ভুলে মানুষের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক আস্থা গড়ে তোলার মাধ্যম হিসেবে এই ক্রীড়া কার্যক্রমকে বেছে নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “কক্সবাজারের তরুণেরা শান্তি ও সামাজিক সৌহার্দ্য বিনির্মাণে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ‘রানফরপিস’ তাঁদের সেই অঙ্গীকারেরই এক বলিষ্ঠ প্রকাশ। তরুণদের এই উদ্যোগের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।
একশনএইড বাংলাদেশ-এর ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান বলেন, আমরা কক্সবাজারের তরুণ চেইঞ্জমেকারদের পাশে আছি। শান্তি ও সামাজিক সংহতি গড়ে তুলতে সব অংশীজনকে তরুণদের ক্ষমতায়িত করতে হবে। আশা করি, রানফরপিসের চেতনা সমাজজুড়ে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রেরণা জোগাবে।”
দৌড় শেষে সকাল সাড়ে ৭ টায় লাবণী বিচ পয়েন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ বিভাগে প্রথম তিনজন বিজয়ীকে যথাক্রমে আর্থিক পুরষ্কার ও স্বীকৃতিস সনদ দেওয়া হবে এবং উভয় বিভাগের সেরা ১০ জন দৌড়বিদকে পুরস্কৃত করা হবে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান; বিশেষ অতিথি হিসেবে থাকবেন সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সামছু-দ্দৌজা, এবং অতিথিদের মধ্যে অন্যান্যরা হলেন একশনএইড বাংলাদেশ-এর হেড অব হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম মো. আব্দুল আলীম; হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. রফিকুল ইসলাম এফসিএ; ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস বিভাগের লিড মো. নাজমুল আহসান এবং শেডের উপপরিচালক আবদুল মান্নান।



