নেত্রকোনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও পাঁচ বছর বয়সি ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও আট বছর বয়সি মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মাহমুদুল হক শাহীন (৪০)। তিনি জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। নিহত শিশুর নাম রাজিন (৫)। দুর্ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সি মেয়ে গুরুতর আহত হয়েছেন।
এ ছাড়া অপর মোটরসাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হয়।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



